উরুগুয়েকে হারিয়ে ‘রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬, ১৪:০১
স্টাফ রিপোর্টার :
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ফাইনালের সমিকরণই যেন মিলিয়ে দিলো যশোরের খুদে আর্জেন্টাইন খেলোয়াড়রা। ফুটবল মাঠে টানটান উত্তেজনা আর রোমাঞ্চকর লড়াই শেষে উরুগুয়েকে ২-১ গোলে হারিয়ে ‘রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ’র শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। শনিবার জুনিয়র বিশ্বকাপ ফাইনালে শহরের আর এন রোড ক্রীড়া চক্রের মাঠে আলবেসিলেস্তা ভক্তদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো।
খেলা শুরুর পর থেকেই দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করে আর্জেন্টিনাকে প্রথমার্ধেই এগিয়ে নেন দলের অধিনায়ক মাইন। তবে আর্জেন্টিনার এই লিড বেশি সময় স্থায়ী হতে দেয়নি উরুগুয়ে। ম্যাচের ১৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে উরুগুয়ের পক্ষে সমতা ফেরান আয়াত। ১-১ গোলের সমতা নিয়েই প্রথমার্ধ শেষ হয়।
বিরতির পর আক্রমণভাগের ধার বাড়ায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৬ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে চমৎকার এক হেডশটে উরুগুয়ের জাল কাঁপান আর্জেন্টিনার খুদে ফুটবলার তাসকিন। শেষ পর্যন্ত এই ২-১ ব্যবধান ধরে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর্জেন্টিনা। নির্ধারিত ৪০ মিনিটের মূল ম্যাচ ছাড়িয়ে পুরো সময় জুড়েই মাঠের চারপাশে ছিল দর্শকদের টানটান উত্তেজনা।
খেলা শেষে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এন রোড ক্রীড়া চক্রের সভাপতি মোস্তফা গোলাম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এন রোড ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ বিপ্লব, ব্যবসায়ী আতাউর রহমান আতাউল্লাহ, রিপন অটোসের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সুবর্ণভূমির ভারপ্রাপ্ত সম্পাদক আইয়াজ উদ্দিন রিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপন অটোসের চেয়ারম্যান দৈনিক সুবর্ণভূমির প্রকাশক ও সম্পাদক এজাজ উদ্দীন টিপু।
আয়োজকরা জানিয়েছেন, স্থানীয় কিশোর ও যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী রাখতে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় আর্জেন্টিনার মাহিন হোসেন রায়হান, সর্বোচ্চ গোলদাতা মরোক্ক দলের রোহান খান, সেরা গোল রক্ষক স্পেনের মো. রেদোয়ান হোসেন।
আপনার মতামত লিখুন :