যশোর সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে চার লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮
স্টাফ রিপোর্টার :
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চার লাখ ৪২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় এসব চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালনা করা এসব অভিযানে ভারতীয় ৩৬টি শাড়ী, ৮টি থ্রি-পিস, ৮টি কম্বল, ১ কেজি কিসমিস, ২৪০টি চকলেট, ৭৫ প্যাকেট পাতার বিড়ি এবং ২৪৬টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪২ হাজার ৩২৫ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পাচার চক্র রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ আভিযানিক কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি।
তিনি আরও জোর দিয়ে বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন কঠোর ও বিশেষ আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও সবসময় অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :