বাবার ঘরে আগুন দিয়ে পালালো ছেলে
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬, ০৮:১৪
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে পারিবারিক কলহের জেরে বাবার বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে ১৯ বছর বয়সী এক তরুণ। সোমবার দিবাগত রাতে উপজেলার ঝালঝাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে বাবা মহাসীন খানের থাকার ঘরটি পুড়ে ছাই হয়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আল-আমিন পলাতক রয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ঝালঝাড়া এলাকায় মহাসীন খানের বাড়িতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বসতঘরটি পুড়ে যাওয়ায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন জানান, "স্থানীয়রা আমাদের নিশ্চিত করেছেন যে মহাসীন খানের ছেলেই ঘরে আগুন দিয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।"
মনিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক জানান, মহাসীন খানের পরিবারে দীর্ঘ দিন ধরে বাবা-ছেলের মধ্যে বনিবনা ছিল না। পারিবারিক কলহ লেগেই থাকত। স্থানীয়দের ধারণা, বাবার দ্বিতীয় বিয়ের সন্দেহে ক্ষিপ্ত হয়ে ছেলে এই কাণ্ড ঘটিয়েছে।
তবে মহাসীন খানের মা রোকেয়া বেগম ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি বলেন, "কয়েক মাস আগে মহাসীনের স্ত্রী বিপুল পরিমাণ টাকা নিয়ে বাড়ি ছেড়ে চলে যান, ছেলেও মায়ের সঙ্গে চলে গিয়েছিল। সম্প্রতি আল-আমিন বাড়ি ফিরে কিছু গাছ বিক্রি করে দেয়। সোমবার সন্ধ্যায় এসে সে বাপের ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।" তিনি আরও দাবি করেন, তাঁর ছেলে নতুন কোনো বিয়ে করেননি এবং তিনি বর্তমানে সাতক্ষীরায় একটি কোম্পানিতে কর্মরত।
মহাসীন খান জানান, তাঁর অনুপস্থিতিতে ছেলে আল-আমিন বাড়ি থেকে ৪১ হাজার টাকার গাছ এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে দিচ্ছিল। এতে বাধা দেওয়ায় ছেলে তাঁকে প্রাণনাশের হুমকিও দিয়েছিল।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। বর্তমানে তিনি ছুটিতে থাকলেও বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :