• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ‘ ১২শ’ পরিবার পেল ব্যাক বেঞ্চার’ এর সুলভ ঈদ বাজার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬, ১৫:০২
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্ধেকেরও কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেছে সামাজিক সংগঠন ব্যাক বেঞ্চার। সংগঠনটির উদ্যোগে আয়োজিত সুলভ ঈদ বাজার থেকে প্রায় ১২শ’ নিম্ন ও মধ্যআয়ের পরিবার মাত্র ৪০০ টাকায় ১০টি প্রয়োজনীয় পণ্য ক্রয় করার সুযোগ পেয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রবীন্দ্রনাথ সড়ক সংলগ্ন নতুন বাজার এলাকায় অস্থায়ীভাবে বসে এই ঈদ বাজার। সেখানে চাল, আটা, সয়াবিন তেল, সেমাই, চিনি, দুধ, মুরগির মাংসসহ প্রায় ৮৫০ টাকা মূল্যের ১০টি পণ্য ৪০০ টাকায় বিক্রি করা হয়।

আয়োজকরা জানান, এসএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন ‘ব্যাক বেঞ্চার’ দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সদস্যদের চাঁদার অর্থে সংগঠনটি প্রতি মাসের প্রথম শুক্রবার দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে খাবারের আয়োজন করে। এছাড়া শীতবস্ত্র বিতরণ, রক্তদান ও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার পাশাপাশি করোনা মহামারির সময় অক্সিজেন সেবা ও খাদ্যসামগ্রী বিতরণেও মানুষের পাশে ছিল সংগঠনটি।

ঈদ বাজারে গিয়ে দেখা যায়, নতুন বাজার প্রাঙ্গণে নারী-পুরুষের দীর্ঘ লাইন। ক্যাশ কাউন্টারে মূল্য পরিশোধ করে স্লিপ নিয়ে ক্রেতারা বিভিন্ন স্টল থেকে পছন্দমতো পণ্য সংগ্রহ করছেন।

সিটি কলেজপাড়া এলাকার বৃদ্ধ রাজমিস্ত্রি সিদ্দিক হোসেন বলেন, বয়সের কারণে এখন নিয়মিত কাজ করতে পারেন না। ছেলের আয়ে কোনোমতে সংসার চলে। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে অর্ধেক দামে পণ্য কিনতে পেরে ঈদের আগেই ঈদের আনন্দ পেয়েছেন তিনি।

শহরের একটি বাসাবাড়িতে কাজ করা আসমা খাতুন বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেশি। কম দামে পণ্য পেয়ে তার মতো গরিব মানুষের অনেক উপকার হয়েছে। এমন উদ্যোগ আরও সংগঠন নিলে নিম্ন আয়ের মানুষের কষ্ট কিছুটা কমবে।

অপর ক্রেতা শামীম হোসেন বলেন, এই ১০টি পণ্যের বাজারমূল্য ৮০০ টাকার বেশি হলেও তিনি মাত্র ৪০০ টাকায় কিনতে পেরেছেন। এমন উদ্যোগের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ ও দোয়া জানান।

সংগঠনটির সভাপতি জাকিউল ইসলাম পিংকু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ অনেক কষ্টে আছেন। তারা কারো কাছে হাত পাততে পারেন না। তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনের উপদেষ্টা শাহনেওয়াজ আনোয়ার লেনিন বলেন, ঈদের সময় অনেক পরিবার আর্থিক সংকটের কারণে ভালোভাবে ঈদ করতে পারে না। তাদের কথা বিবেচনা করেই প্রয়োজনীয় ১০টি পণ্য কম মূল্যে বিক্রি করা হচ্ছে। টানা তিন বছর ধরে তারা এ ধরনের আয়োজন করে আসছেন।

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও। বিশিষ্ট রাজনীতিক ইকবাল কবির জাহিদ বলেন, ‘ব্যাক বেঞ্চার’ দীর্ঘদিন ধরে এলাকায় ভালো কাজ করছে। সমাজের বিত্তবান ও তরুণদের এমন মানবিক উদ্যোগ সমাজে বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।