যুদ্ধবিরতির উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা কয়েকশ আহত-নিহত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬, ১৫:৫২
আন্তর্জাতিক ডেস্ক :
লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন ও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। আজ বুধবার (৮ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় মাত্র ১০ মিনিটের ব্যবধানে একযোগে অসংখ্য স্থানে এই হামলা চালানো হয়। আকস্মিক এই হামলায় কয়েক মিনিটের মধ্যেই কয়েকশ মানুষ হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরদ্দিন হতাহতের ভয়াবহতা নিশ্চিত করে জানিয়েছেন, বৈরুত ও অন্যান্য স্থানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা এবং আহতের চাপ এতই বেশি যে, হাসপাতালগুলোতে আর তিল ধারণের জায়গা নেই। সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি বলেন, "হাসপাতালগুলো এখন শহিদ ও আহত মানুষে পূর্ণ হয়ে উঠেছে, আমরা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছি।"
এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলাকে ‘বেসামরিক নাগরিকদের ওপর পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসরায়েল যুদ্ধ বন্ধের সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তারা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের তোয়াক্কা করছে না। এই চরম আগ্রাসন বন্ধে তিনি লেবাননের সকল মিত্র রাষ্ট্রের প্রতি জরুরি সহায়তার আহ্বান জানান।
হামলা পরবর্তী উদ্ধারকাজে নেমেছে রেডক্রস। সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে তাদের অন্তত ১০০টি অ্যাম্বুলেন্স একযোগে কাজ করছে।
উল্লেখ্য, আজ বুধবারই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে উভয় পক্ষের মিত্রদেরও যুদ্ধ বন্ধ রাখার কথা ছিল। কিন্তু সেই শর্তকে তোয়াক্কা না করেই লেবাননে এই নারকীয় হামলা চালিয়েছে ইসরায়েল। অত্র অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা।
আপনার মতামত লিখুন :