• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের অভিযান


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬, ১৫:০৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোর শহরকে যানজটমুক্ত ও যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক পুলিশ। অভিযানে ফুটপাতে অবৈধভাবে পার্কিং করায় একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। একই সাথে সড়কের পাশে যত্রতত্র যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে আরও ১০ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পাইপপট্টি, মাইকপট্টি ও চিত্রা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) মাহফুজুর রহমান।

​ট্রাফিক পুলিশ জানায়, শহরকে শৃঙ্খলাপূর্ণ রাখতে বিশেষ অভিযানের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার এ কার্যক্রম চালানো হয়। এ সময় ফুটপাত ও সড়কের সিংহভাগ দখল করে অবৈধভাবে পার্কিং করা একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক কার্যালয়ে নেওয়া হয়। পাশাপাশি সড়কের পাশে যত্রতত্র গাড়ি রেখে যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ১০ মোটরসাইকেল চালককে জরিমানা ও মামলা দেওয়া হয়। অভিযান চলাকালে গাড়ির মালিকদের সতর্ক করার পাশাপাশি ফুটপাত দখল না করতে এবং সড়ক শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় দোকানদারদের সচেতন করা হয়।

​এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, যশোর শহরকে যানজটমুক্ত এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতেও এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

​উল্লেখ্য, এর আগে গত সোমবারও শহরের দড়াটানা, হাসপাতাল মোড় ও এমকে রোডসহ বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছিল। ওই অভিযানেও বেশ কিছু মোটরসাইকেল জব্দ ও ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়।