• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে বাবার সব অভিযোগ ভিত্তিহীন সংবাদ সম্মেলনে দাবি ছেলের


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
নিজের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন চৌগাছা পৌর বিএনপির নির্বাহী সদস্য এবং পৌরসভার সাধারণ হাট মালিক মোঃ আতিকুর রহমান লেন্টু। সম্প্রতি প্রতিপক্ষ কর্তৃক সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাতে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতিকুর রহমান লেন্টু বলেন, মোঃ তরিকুল ইসলাম ও জহুরুল ইসলামের প্ররোচনায় একটি চক্র তাঁর বিরুদ্ধে জমি দখল, বাবার সম্পদ লুণ্ঠন এবং মিথ্যা মামলা দায়েরের মতো অবাস্তব অভিযোগ রটাচ্ছে। 

প্রকৃতপক্ষে, তাঁর পিতা পাঁচ শতাংশ জমির ওপর নির্মিত দ্বিতল ভবনটি অন্য দুই বোন ও তাঁকে বঞ্চিত করে ছোট ভাই মোঃ শফিকুল ইসলামের নামে লিখে দিয়েছেন। তিনি বাবার এক ইঞ্চি জমিও বেআইনিভাবে ভোগদখল করেননি।

তিনি জানান, গত ৫ জানুয়ারি ২০২৫ তারিখে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিপক্ষ তরিকুল ইসলাম, জহুরুল ইসলাম, মাজিদুল ইসলাম ও শফিকুল ইসলামসহ কয়েকজন অনধিকার প্রবেশ করে মারধর করেন। উক্ত ঘটনার বিচার চেয়ে আদালতে তিনি মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন। তাঁর বিরুদ্ধে ১২টি মিথ্যা মামলার কথা বলা হলেও বাস্তবে মামলা রয়েছে ৫টি। পিতা কর্তৃক পুলিশ সুপারের নিকট আবেদনে ১৫ কোটি টাকার যে অর্থ-সম্পদের কথা বলা হয়েছে, তার সত্যতা প্রমাণিত হলে তিনি সব ফেরত দিতে প্রস্তুত বলে চ্যালেঞ্জ জানান।

সার সিন্ডিকেট ও ডিলারশিপ বাতিলের অভিযোগের জবাবে লেন্টু বলেন, তিনি ফ্যাসিবাদের দোসর নন, বরং বিএনপি পরিবারের সন্তান। উপজেলা ব্যাপী যেসব চোরাই সার ভ্রাম্যমাণ আদালতের হাতে আটক হয়েছে, তার একটিও তাঁর নয়। সার আটকের সাথে খাইরুল ইসলাম নামে অন্য এক ব্যক্তি জড়িত এবং এ সংক্রান্ত যাবতীয় তথ্যপ্রমাণ কৃষি অফিস ও প্রশাসনের কাছে রয়েছে। হাটের বিষয়ে তিনি উল্লেখ করেন, চৌগাছা, মহেশপুর ও কালীগঞ্জের প্রায় ১০টি হাট তিনি আইনি ও বৈধ প্রক্রিয়ায় ইজারা নিয়ে পরিচালনা করছেন।

মডেল মসজিদ নির্মাণ বন্ধে রিট করার অভিযোগ খণ্ডন করে তিনি জানান, ৬৮১ নম্বর দাগের পরিবর্তে একই মালিকানাধীন ৬৫৩ নম্বর দাগে মসজিদ নির্মাণের দাবিতে স্থানীয় ব্যবসায়ী আনিচুর রহমান ও শফি উদ্দিন হাইকোর্টে মামলা করেন। আদালত উক্ত জমিতে ৩ মাসের স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) জারি করেছেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত অন্য দোকানদাররাও রিট করেছেন। কেবলমাত্র হাটের মালিক হওয়ার কারণে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে দোষারোপ করছে।
প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানিয়ে মোঃ আতিকুর রহমান লেন্টু এ বিষয়ে প্রকৃত সত্য তুলে ধরার পাশাপাশি ন্যায়বিচারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।