• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে ক্রয়কৃত জমি থেকে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬, ১৫:১৫
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে ক্রয়কৃত জমির উপর নির্মিত মিষ্টির দোকান জোরপূর্বকভাবে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পরচক্রা বাজারে ওই গ্রামের ইসমাইল হোসেন এলাকাবাসীকে নিয়ে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসমাইল হোসেন বলেন, কেশবপুর থানাধীন ৮৮নং পরচক্রা মৌজার ৫৬৮নং খতিয়ানে ১৪৫২ দাগে ৩৮ শতকের মধ্যে ৮ শতক জমি মৃত সোনাই মন্ডলের স্ত্রী মহারাণী মন্ডলের নিকট থেকে ক্রয় করি। ওই জমি সার্ভেয়ার দিয়ে মাপজোখ করে বিক্রেতা মহারাণী মন্ডলসহ অন্যান্য শরীকরা আমাকে বুঝিয়ে দিলে সেখানে দুটি দোকানঘর নির্মাণ করে মিষ্টির ব্যবসা পরিচালনা করে আসছি। এলাকার কিছু লোক আমার কাছে চাঁদা দাবি করলে সেটা না দেওয়ায় ওই জমির অন্যান্য শরীকদের দিয়ে আমাকে বিভিন্ন ধরনের মামলা দিয়ে অহেতুক হয়রানি করে আসছে। পরবর্তীতে ওই এলাকার প্রতাপ মন্ডল, তপন মন্ডল, লক্ষণ, স্বপন, মঙ্গল মন্ডল, কৃষ্ণ মন্ডলসহ আরও অনেকে মিষ্টির দোকান জোরপূর্বক অবৈধভাবে উচ্ছেদ করার লক্ষ্যে দোকানঘরের সামনে কাটা তারের বেড়া দিয়ে ঘিরে দেয়। এ ছাড়া তারা আমার বিরুদ্ধে থানায় অভিযোগ ও আদালতে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। আমার ক্রয়কৃত এই জমি সংক্রান্ত বিষয়ে ন্যায় বিচার পাওয়ার জন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

জমি বিক্রেতা মহারাণী মন্ডল সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বলেন, পৈত্রিক সূত্রে আমার স্বামীর পাওয়া এই ৮ শতক জমি আমি ১২ লাখ টাকায় ইসমাইল হোসেনের নিকট বিক্রি করে দখল বুঝে দিয়েছি।

এ ব্যাপারে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের মেম্বার দবির উদ্দিন বিশ্বাস বলেন, জমি কেনার পর থেকে ইসমাইল হোসেন একটি কুচক্রী মহল দ্বারা হয়রানির শিকার হচ্ছেন। প্রকৃতপক্ষে তিনিই এই জমির মালিক।