• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অস্থিরতা সোনার বাজারে: এক দিনেই দুই দফা দাম বাড়াল বাজুস


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮
ছবির ক্যাপশন: ad728

অর্থনীতি ডেস্ক, স্বপ্নভূমি :
 দেশের সোনার বাজারে অস্থিরতা যেন থামছেই না। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় আর স্থানীয় বাজারের অজুহাতে গত কয়েকদিন ধরে সোনার দামে চলছে নজিরবিহীন লঙ্কাকাণ্ড। গতকাল দুই দফা দাম কমার পর আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ও বিকেলে আবারও দুই দফায় বাড়ানো হয়েছে সোনার দাম। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।

মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হিসেব করলে দেখা যায়, সোমবার বিকেলে ভালো মানের সোনার ভরি ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। আজ মঙ্গলবার সকালে তা বাড়িয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা করা হয়। বিকেলে আবারও দাম বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। অর্থাৎ, মাত্র এক দিনের ব্যবধানে দুই দফায় ভরিতে দাম বেড়েছে ১৬ হাজার ৩৩০ টাকা।

বিস্ময়কর বিষয় হলো, আন্তর্জাতিক বাজারে বর্তমানে সোনার দাম হ্রাসের প্রবণতা লক্ষ করা যাচ্ছে। গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫৫০ ডলারে উঠলেও আজ তা কমে ৪ হাজার ৯০০ ডলারে নেমেছে। আন্তর্জাতিক বাজারে বড় দরপতন চললেও দেশের বাজারে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে।

বিকেলের নতুন দর অনুযায়ী দেশের বাজারে সোনার দাম নিম্নরূপ:
  • ২২ ক্যারেট: ২,৬২,০৯০ টাকা
  • ২১ ক্যারেট: ২,৫০,১৯৩ টাকা
  • ১৮ ক্যারেট: ২,১৪,৪৪৩ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৭৫,৪৮৫ টাকা
সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩২ টাকায়।

গত সপ্তাহে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল সোনার ভরি। তখন একধাপে দাম বাড়ানো হয়েছিল ১৬ হাজার ২১৩ টাকা। এর ২৪ ঘণ্টা পার না হতেই আবার ১৪ হাজার ৬০০ টাকা কমানো হয়। বাজারের এই চরম অস্থিরতায় সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা বিভ্রান্তির মধ্যে পড়েছেন। ঘন ঘন দাম পরিবর্তনের ফলে স্থবির হয়ে পড়েছে জুয়েলারি ব্যবসা।