চৌগাছায় জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬, ১৩:৫৫
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় চৌগাছা কামিল মাদ্রাসার হলরুমে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার আমির মাওলানা গোলাম মোরশেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এমপি (যশোর-৪)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মসলেহ উদ্দীন ফরিদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল এমপি বলেন, ইসলামী আন্দোলনের সফলতা অর্জনের জন্য আল্লাহভীতি, তাকওয়া, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করতে হবে। তিনি বলেন, রোকনরা সংগঠনের মূল শক্তি। তাদের আদর্শিক মান, দায়িত্বশীলতা ও ত্যাগের মাধ্যমেই সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ এবং ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠা সম্ভব।
বিশেষ অতিথি ডা. মসলেহ উদ্দীন ফরিদ এমপি বলেন, একজন রোকনের দায়িত্ব শুধু সংগঠনের কার্যক্রমে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামের আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। তিনি দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে বক্তারা রোকনদের আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত রোকনবৃন্দ এবং স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :