• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

স্বাভাবিক ছন্দে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৬:১৮
ছবির ক্যাপশন: ad728

অর্থনীতি ডেস্ক, স্বপ্নভূমি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের ওপর আরোপিত চার দিনের কড়া বিধিনিষেধ তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা (১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট) থেকে বিকাশ, রকেট, নগদসহ সব এমএফএস এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরতে শুরু করেছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রাহকেরা এখন থেকে পূর্বের নির্ধারিত লিমিট অনুযায়ী অর্থ লেনদেন করতে পারছেন। গত চার দিন ধরে চলা ৯৬ ঘণ্টার এই বিশেষ বিধিনিষেধের সময় এমএফএস গ্রাহকদের জন্য ব্যক্তিগত লেনদেনের (P2P) সর্বোচ্চ সীমা ছিল মাত্র ১ হাজার টাকা এবং দিনে সর্বোচ্চ ১০ বারে ১০ হাজার টাকা। আজ শুক্রবার সকাল থেকেই গ্রাহকেরা কোনো বাধা ছাড়াই স্বাভাবিক অংকের টাকা পাঠাতে পারছেন।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ইন্টারনেট ব্যাংকিং বা আইবিএফটি (IBFT) সেবায়। নির্বাচনের সময় ব্যক্তিগত পর্যায়ে ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। ফলে সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছিলেন। গতকাল মধ্যরাত থেকে এই সেবাটিও পুনরায় চালু হয়েছে।

গত রোববার রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এই সীমাবদ্ধতা আরোপ করেছিল। মূলত নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে অবৈধ অর্থ লেনদেন এবং কালোটাকার অপব্যবহার ঠেকাতে এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়। তবে এই সময়ে মার্চেন্ট পেমেন্ট (কেনাকাটা) এবং বিদ্যুৎ-গ্যাস বিলের মতো জরুরি পরিষেবা বিল প্রদানের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা ছিল না।

টাকা পাঠাতে গিয়ে গত চার দিন ধরে সাধারণ মানুষ যে ভোগান্তির মুখে পড়েছিলেন, বিধিনিষেধ উঠে যাওয়ায় আজ থেকে তার অবসান ঘটল। ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করেছে যে, কারিগরিভাবে তাদের সিস্টেম এখন আগের পূর্ণ ক্ষমতায় কাজ করছে।