নিজস্ব প্রতিবেদক:
দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিশাল জনবলের মধ্যে ৮০ শতাংশই নিয়োগ দেওয়া হবে নারীদের।
আজ সোমবার দুপুরে যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সরকার কেবল রোগের চিকিৎসার পেছনে ছুটতে চায় না, বরং রোগ যাতে না হয়—সেই প্রতিরোধ ব্যবস্থার প্রতি অধিক গুরুত্ব দিচ্ছে। এ কারণেই সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের চিন্তা শুরু করেছে। এই স্বাস্থ্যকর্মীরা সরাসরি প্রতিটি বাড়িতে যাবেন এবং পরিবারের প্রধান নারীর সঙ্গে কথা বলবেন।”
স্বাস্থ্যকর্মীদের কাজের পরিধি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী আরও বলেন, খাদ্যাভ্যাস ও সচেতনতার মাধ্যমেই অনেক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কোন খাবার কী পরিমাণে খেলে রোগ প্রতিরোধ করা যায়, সেসব বিষয়ে গৃহিণীদের সচেতন করাই হবে এই কর্মীদের মূল কাজ। এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের হাসপাতালগুলোর ওপর চিকিৎসার চাপ অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যশোর মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। যশোরে ৫০০ শয্যার এই নতুন হাসপাতালটি চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের চিকিৎসা সেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :