• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শহীদ ইকবালের মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে মনিরামপুরে কাপনের কাপড় পরে বিক্ষোভ


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪
ছবির ক্যাপশন: ad728

মনিরামপুর প্রতিনিধি : 
বিএনপির জোট প্রার্থী মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন বাতিল করে শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে ধানের শীষ প্রতীকের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার দাবীতে যশোরের মনিরামপুরে কাপনের কাপড় পরে রাস্তায় নেমেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার বিকেলে দলটির কয়েক হাজার নারী ও পুরুষ সমর্থক কাপনের কাপড় পরে মনিরামপুর বাজারে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 
সমাবেশে দলের থানা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বক্তব্য রাখেন।
এসময় তারা রশীদ বিন ওয়াক্কাসের বিরুদ্ধে ও শহীদ ইকবালের পক্ষে নানা স্লোগান দিতে থাকেন।
দীর্ঘদিন ধরে মনিরামপুরে বিএনপির নেতাকর্মীরা বিভক্ত হয়ে ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনকে ধানের শীষের মনোনয়ন দেয় দলটির হাই কমান্ড। এরপর মনিরামপুরে দলটির বিভক্ত নেতাকর্মীরা এক হয়ে শহীদ ইকবালের পক্ষে কাজ শুরু করেন। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর শহীদ ইকবালের মনোনয়ন বাতিল করে জমিয়তে ওলামায়ে ইসলামের নেতা মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে বিএনপি জোটের প্রার্থী ঘোষণা করা হয়। এরপর বিএনপির নেতা কর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।  
মনিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, দলের হাই কমান্ড থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিল। আমরা সকল ভেদাভেদ ভুলে এক হয়ে শহীদ ইকবাল হোসেনের পক্ষে মাঠে নেমেছিলাম। এরপর দল আবার ঐক্যজোটের পক্ষে রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দিয়েছে। এটা আমরা বিএনপির নেতাকর্মীরা মেনে নিতে পারি না।
তিনি বলেন, মনিরামপুরে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছর ধরে নানাভাবে মামলা হামলার শিকার হয়েছেন। শহীদ ইকবালের মনোনয়ন কেড়ে নেওয়ায় আমাদের নেতাকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। আমরা চাই বিএনপির প্রার্থী শহীদ ইকবালকে তার মনোনয়ন ফিরিয়ে দেওয়া হোক। একই দাবিতে রোববার মনিরামপুরের সকল ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত রয়েছে বলে জানান আসাদুজ্জামান মিন্টু। 
বিএনপির সমর্থকেরা মনে করেন, মনিরামপুরে জামায়াত ইসলামের প্রার্থী গাজী এনামুল হকের শক্ত অবস্থান রয়েছে। যা ভেঙ্গে দিয়ে ধানের শীষের পক্ষে বিজয় ছিনিয়ে আনতে পারতেন শহীদ ইকবাল হোসেন। নির্বাচনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতো। কিন্তু শহীদ ইকবালকে বাদ দিয়ে জোটের পক্ষে মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়ায় গাজী এনামুল হকের জয়ের পথ সহজ হয়েছে। জামায়াত ইসলামের এই বিজয় ঠেকাতে শহীদ ইকবালের মনোনয়ন ফিরিয়ে দেওয়া দরকার।