মার্কিন রণতরীর দাপট রুখতে ইরানের ‘লাইভ-ফায়ার’ চ্যালেঞ্জ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৩
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার পারদ চড়িয়ে এবার নিজেদের আকাশসীমা আংশিক বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালী’ ও এর আশপাশে সরাসরি গোলাবর্ষণ বা ‘লাইভ-ফায়ার’ মহড়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বুধবার (২৮ জানুয়ারি) ইরানের সরকারের পক্ষ থেকে জারি করা এক ‘নোটিশ টু এয়ারম্যান’ (নোটেম)-এ এই কঠোর বার্তা দেওয়া হয়েছে।
২৫ হাজার ফুটের নিচে বিমান চলাচলে নিষেধাজ্ঞা: ইরানি নোটিশে বলা হয়েছে, হরমুজ প্রণালী ও এর সংলগ্ন এলাকায় ভূপৃষ্ঠ থেকে ২৫ হাজার ফুট উচ্চতা পর্যন্ত সব ধরনের বেসামরিক ও বাণিজ্যিক বিমান চলাচল নিষিদ্ধ। এই উচ্চতার নিচে কোনো বিমান দেখা গেলে সেটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। মূলত মার্কিন সামরিক তৎপরতার পাল্টা জবাব হিসেবেই এই আকাশসীমা সুরক্ষা নীতি গ্রহণ করা হয়েছে।
গত ২৬ জানুয়ারি মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এর নেতৃত্বে একটি বিশাল নৌবহর মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে। এর ঠিক পরের দিনই মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) ওই অঞ্চলে বড় ধরনের বিমান মহড়ার ঘোষণা দেয়। সেন্টকোমের এই ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানেই ইরান নিজেদের আকাশসীমা বন্ধ ও লাইভ-ফায়ার মহড়ার ঘোষণা দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল।
২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে শত্রুতা শুরু হয়। সম্প্রতি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সেই তিক্ততা আরও গভীর হয়েছে। গত জুন মাসে ১২ দিনের এক সংক্ষিপ্ত যুদ্ধে ইরানের পরমাণু স্থাপনার ব্যাপক ক্ষতি এবং শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীন ট্রাম্পের ‘সামরিক অভিযানের হুমকি’ পরিস্থিতিকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন এই পথ দিয়ে কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, ইরান যদি এই রুটে সামরিক মহড়া বা সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে, তবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।
সূত্র: এএফপি
আপনার মতামত লিখুন :