• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা ইতালির


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত সামরিক অভিযান এবং ইরানের ওপর সাম্প্রতিক হামলার জেরে বড় ধরনের কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিয়েছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপির তথ্যমতে, ইতালি ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের এই প্রতিরক্ষা চুক্তির আওতায় দেশ দুটি সামরিক সরঞ্জাম, উন্নত অস্ত্র এবং প্রতিরক্ষা প্রযুক্তি গবেষণার তথ্য একে-অপরের সঙ্গে আদান-প্রদান করত। মেলোনির এই ঘোষণার ফলে দীর্ঘস্থায়ী এই সামরিক সহযোগিতার অবসান ঘটতে যাচ্ছে।

ইতালীয় বার্তাসংস্থা আনসা (ANSA) জানিয়েছে, চুক্তি বাতিলের প্রেক্ষাপট ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, “বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকার ইসরায়েলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা চুক্তির মেয়াদ আর বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছে।”

বিশ্লেষকরা মনে করছেন, গাজায় দীর্ঘমেয়াদী গণহত্যা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধিতে ইসরায়েলের একগুঁয়েমির কারণে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে দেশটির দূরত্ব বাড়ছে। ইতিপূর্বে ইউরোপের আরেক দেশ স্পেনও ইসরায়েলে কোনো প্রকার যুদ্ধাস্ত্র না পাঠানোর ঘোষণা দিয়েছিল। এবার ইতালির এই কঠোর অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে আরও কোণঠাসা করে ফেলবে বলে ধারণা করা হচ্ছে।