কেশবপুরে একদিনে ২৬ ডায়রিয়ার রোগি ভর্তি, বেড়েছে ডায়রিয়ার প্রকোপ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬, ৬:৬
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ব্যাপক হারে ডায়রিয়ার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বুধবার ডায়রিয়া আক্রান্ত হয়ে ২৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত ১১১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। প্রতিদিনই রোগির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্যালাইন সংকট হতে পারে বলে আশংকা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, ২৪ ঘণ্টায় ২৬ জন ডায়রিয়া রোগি ভর্তি হয়েছেন। এর মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তিদের সংখ্যাই বেশি। উপজেলার মূলগ্রামের মফিজুর রহমান (৩৫), মোবারেক গাজী (৬৫), কাঁস্তা গ্রামের নাফিজ (২৫), হাবাসপোল গ্রামের জাহিদুল ইসলাম (৩০), কলাগাছি গ্রামের ফিরোজা খাতুন (৫০), ব্রহ্মকাটি গ্রামের মোমেনা খাতুন (৬০) ও পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার খাজুরা গ্রামের সালেহা খাতুন (৫০), দূর্বাডাঙ্গা গ্রামের আয়শা খাতুন (৭) ও মনোহরপুর গ্রামের রাকিব হাসানসহ ( ৫ মাস) ২৬ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট হওয়ায় অধিকাংশ সময় রোগিদের বারান্দায় চিকিৎসা নিতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছেন, গত এক সপ্তাহ ধরে ডায়রিয়া রোগি বেশি ভর্তি হচ্ছে।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেহেনেওয়াজ বলেন, হাসপাতালে ডায়রিয়া রোগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২৬ জন। গত এক সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়ে ১১১ জন ভর্তি হন। রোগির সংখ্যা আরো বৃদ্ধি হলে হাসপাতালে স্যালাইন সংকট হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :