গণভোটের রায় না মানলে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: গোলাম পরওয়ার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৬
স্টাফ রিপোর্টার :
গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, এখনো সময় আছে। আগামী ৯ তারিখের সংসদ অধিবেশনে নিজেদের ভুল স্বীকার করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে। অন্যথায় রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের মুড়লি মোড়ে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে লংমার্চ অতিক্রম করার সময় হাজার হাজার নারী-পুরুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ১১ দলের নেতাদের অভিনন্দন জানিয়েছেন। তারা ১১ দলের আন্দোলন ও জনগণের আকাঙ্ক্ষা পূরণের সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
মুড়লি মোড়ের জনসমাগমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই স্থানেই কারাগার থেকে মুক্ত হওয়ার পর মজলুম জননেতা অধ্যাপক গোলাম আযম ঐতিহাসিক জনসভা করেছিলেন। আজ আবারও মুড়লি মোড় জনসমুদ্রে পরিণত হয়েছে। চারদিকে মানুষের ঢল নেমেছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করে অনেক নারী ফিরে গেলেও মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে উঠেছে।
বিএনপি সরকারের উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, আজকের জনসমাগম ও মানুষের স্লোগান বিএনপিকে একটি বার্তা দিচ্ছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী নিজেও গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এখন সেই গণভোটের রায় বাস্তবায়ন করা হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, বিরোধী দল সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলে—সরকারের এমন অভিযোগের জবাবে প্রশ্ন হচ্ছে, গত সাত-আট মাসে এমন কী ঘটেছে যে বিরোধী দলকে লংমার্চ করতে হচ্ছে? গণভোটে প্রায় পাঁচ কোটি মানুষ 'হ্যাঁ' ভোট দিয়েছেন। তাহলে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের বাধা কোথায়?
গোলাম পরওয়ার বলেন, ১১ দল এখনো নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল আন্দোলন করছে। জনগণের মধ্যে জনমত তৈরি করে দাবি আদায়ের চেষ্টা চলছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির কথা বলে সরকার নিজেদের শক্তিশালী মনে করলেও জনগণের হাতে রয়েছে 'লাল কার্ড'। প্রয়োজনে জনগণ সেই লাল কার্ড দেখাবে।
আগামী ৯ তারিখের সংসদ অধিবেশনের কথা উল্লেখ করে তিনি বলেন, একদলীয় কায়দায় সংবিধান সংশোধনের চেষ্টা থেকে সরে এসে গণভোটের ভিত্তিতে সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনায় বসতে হবে। রাজনৈতিক সংকট ও সংঘাতের দিকে দেশকে ঠেলে না দিয়ে সংসদেই এর সমাধান করতে হবে।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নই তাদের একমাত্র দাবি নয়। দ্রব্যমূল্য, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি, সার, গ্যাস ও বিদ্যুতের সংকটসহ বিভিন্ন বিষয়েও জনগণের অসন্তোষ রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আপনার মতামত লিখুন :