সিজেপির দাবির মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬, ১০:৩৮
আন্তর্জাতিক ডেস্ক:
তীব্র বিতর্কের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ধর্মেন্দ্র প্রধান নিজেই এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে শিক্ষামন্ত্রীর এই পদত্যাগের ঘোষণা এলো।
এর আগে কেন্দ্রের সাথে আলোচনার আগেই সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সাফ জানিয়ে দেন, ধর্মেন্দ্র প্রধানকে পদচ্যুত না করা পর্যন্ত সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তারা। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কোনো আপস চলবে না। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট জবাব না এলে আলোচনার কোনো অর্থ হয় না।”
শিক্ষার্থীদের দাবির মুখে সিজেপি মূল তিনটি শর্ত সামনে রেখে আন্দোলন চালিয়ে আসছিল। দাবিগুলো হলো:
১. শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
২. বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা না নেওয়া।
৩. নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান।
এর আগে শুক্রবার বিকেলে কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং সিজেপির প্রতিনিধিদের সাথে দ্বিতীয় দফা বৈঠক করেন। এনডিটিভি জানিয়েছে, ওই আলোচনায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সরকার নীতিগতভাবে সম্মত হয়। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে তখন কোনো চূড়ান্ত বার্তা দেওয়া হয়নি।
শনিবার বিকেলে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় দফা আলোচনার ঠিক পূর্বমুহূর্তে আন্দোলনকারীদের দাবির মুখে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হলেন।
আপনার মতামত লিখুন :