জাহানারার অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১
ক্রীড়া প্রতিবেদক :
নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বিসিবি গঠিত স্বাধীন তদন্ত কমিটি। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে। তদন্ত রিপোর্টে মূলত নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রমাণিত হয়েছে।
বিসিবি জানায়, জাহানারা আলম মোট চারটি সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করেছিলেন। স্বাধীন তদন্ত কমিটি নিবিড় অনুসন্ধানের পর এর মধ্যে দুটি অভিযোগের সত্যতা পেয়েছে। এই দুটি অভিযোগই ছিল সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। গত ২ ফেব্রুয়ারি বিসিবি সভাপতির কাছে এই তদন্ত রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড বাংলাদেশের উচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ‘অসদাচরণ’ এবং ‘হয়রানি’র পর্যায়ে পড়ে। কমিটি স্পষ্টভাবে জানিয়েছে, একজন দায়িত্বশীল পদে থেকে খেলোয়াড়ের সাথে এমন আচরণ পেশাদারিত্বের চরম পরিপন্থী।
রিপোর্ট হাতে পাওয়ার পর বিসিবি জানিয়েছে, অভিযুক্ত মঞ্জুরুলের বিরুদ্ধে বোর্ডের নিজস্ব শৃঙ্খলা বিধি এবং প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বোর্ড কোনো ধরনের আপস করবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আপনার মতামত লিখুন :