• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

‘ডু অর ডাই’ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে নামতে পারে ভারত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৬
ছবির ক্যাপশন: ad728

স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে চাপে ভারত। সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে হলে বৃহস্পতিবার জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাতে হবে সূর্যকুমার যাদবদের। মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাদশ বাছাই নিয়েও সতর্ক ভারত। দেশটির গণমাধ্যমের বরাতে জানা যাচ্ছে, প্রথম একাদশে তিনটি পরিবর্তন করতে পারে ভারত।

চলমান বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই অভিষেক শর্মা। তবে তাকে আরও একটা সুযোগ দেওয়ার পক্ষে টিম ম্যানেজমেন্ট। তাই বৃহস্পতিবারের ম্যাচেও ওপেনিং জুটি পরিবর্তন হচ্ছে না। অভিষেকের সঙ্গে থাকছেন ইশান কিশান। তিন নম্বরে ব্যাট করবেন তিলক বার্মা। 

ব্যাটিং অর্ডারের চারে থাকবেন অধিনায়ক সূর্যকুমার। পাঁচে দেখা যেতে পারে হার্দিক পাণ্ডিয়াকে। ছয় নম্বরে ব্যাট করবেন সম্ভবত শিবাম দুবে। ছন্দে থাকা দুবের খেলাও একপ্রকার নিশ্চিত। জিম্বাবুয়ের বিপক্ষে ভারত সম্ভবত পাচ্ছে না রিঙ্কু সিংহকে। অসুস্থ বাবাকে দেখতে টিম হোটেল ছেড়ে গেছেন তিনি। তার জায়গায় প্রথম একাদশে আসতে পারেন সঞ্জু স্যামসন। উইকেটরক্ষক এই ব্যাটারকে চেন্নাইয়ের ফিনিশারের দায়িত্ব দেওয়া হতে পারে। তিনি নামবেন সাত নম্বরে। আট নম্বরে আরও এক অলরাউন্ডার থাকবেন। দলে ফিরবেন সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল।

শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। চেন্নাইয়ের স্পিন সহায়ক ২২ গজে জিম্বাবুয়েকে স্পিনের জালে ফাঁসানোর পরিকল্পনা করতে পারেন গম্ভীররা। তাই একমাত্র বিশেষজ্ঞ পেস বোলার হিসাবে থাকবেন জসপ্রীত বুমরাহ। দু’জন বিশেষজ্ঞ স্পিনারের খেলার সম্ভাবনা রয়েছে। বরুণ চক্রবর্তীর সঙ্গে দেখা যেতে পারে কুলদীপ যাদবকে। বুমরাহর সঙ্গে পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন হার্দিক এবং শিবাম দুবে।