• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

প্রেসক্লাব যশোর নির্বাচনে জাহিদ হাসান টুকুন সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৯
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন পুনরায় এবং সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে নূর ইসলাম নির্বাচিত হয়েছেন।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোর মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ১২১ জন ভোটারের মধ্যে ১১৮ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

​ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে বিজয়ী জাহিদ হাসান টুকুন পান ৬৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকির শওকত পান ৪৯ ভোট। অন্যদিকে, তিনমুখী লড়াইয়ে সাধারণ সম্পাদক পদে ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন নূর ইসলাম। এই পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহাবুজ্জামান নান্টু ৪১ ভোট এবং জুয়েল মৃধা ২৯ ভোট পান।
​এছাড়া ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দেওয়ান মোর্শেদ আলম। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পান ৫২ ভোট।

​কার্যনির্বাহী সদস্যের ৬টি পদে বিজয়ী হয়েছেন—শহিদ জয় (৯৬ ভোট), রফিকুল ইসলাম (৯২ ভোট), গালিব হাসান পিল্টু (৮১ ভোট), মুর্শিদুল আজিম হিরু (৭৯ ভোট), এস এম সোহেল (৬২ ভোট) এবং তৌহিদ জামান (৫৯ ভোট)।

​এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ৬টি পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাঁরা হলেন—সহ-সভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি।

​এদিকে অত্যন্ত সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন পরিচালনা কমিশনকে ধন্যবাদ জানান প্রেসক্লাব যশোরের সাধারণ সদস্যরা। একই সাথে তাঁরা নবনির্বাচিত কমিটির সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।