যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: মেয়ে হত্যার সুষ্ঠু বিচার দাবি বাবার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ অগাস্ট ২০২৬, ০৮:০২
স্টাফ রিপোর্টার :
যশোরে যৌতুকের দাবিতে গৃহবধূ সুমনা বেগমকে পরিকল্পিতভাবে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা মো. মোমিন গাজী। শুক্রবার (১ আগস্ট) যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মেয়ে হত্যার অবিকল সুষ্ঠু বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
লিখিত বক্তব্যে মো. মোমিন গাজী অভিযোগ করে বলেন, ২০১৮ সালে যশোর শহরের বাসিন্দা জসিম মোল্যার সঙ্গে তার মেয়ে সুমনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সুমনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল স্বামী ও শশুড়বাড়ির লোকজন। মেয়ের সংসার টিকিয়ে রাখতে তিনি একাধিকবার নগদ অর্থ দিলেও নির্যাতন থামেনি।
তিনি আরও জানান, গত ২০২৬ সালের ১৯ এপ্রিল গভীর রাতে তার মেয়েকে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালানো হয়। খবর পেয়ে তিনি পুলিশকে সঙ্গে নিয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে কাউকেই পাননি। পরবর্তীতে সুমনাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জসিম মোল্যা ও তার পরিবারের সদস্যদের আসামি করে আদালতে মামলা দায়ের করা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলার কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না বলে দাবি করেন তিনি। লেখাপড়া ও আইনি প্রক্রিয়া না জানার সুযোগ নিয়ে একটি পক্ষ তাকে বিচারপ্রাপ্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে বলেও অভিযোগে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বাবা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।
আপনার মতামত লিখুন :