• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর, ইসিতে আবেদন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩২
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ফলাফল বাতিল করে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে তিনি শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন।

আবেদনপত্রে ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার কর্মী-সমর্থকরা প্রভাব বিস্তার করে ফলাফল নিজেদের পক্ষে নিয়েছেন। তিনি দাবি করেন, ভোটগ্রহণ ও গণনার সময় ধানের শীষের প্রার্থীর পরিবার ও এজেন্টরা কেন্দ্র দখল এবং অনিয়মের মাধ্যমে প্রকৃত ফলাফল পাল্টে দিয়েছেন।

নাসীরুদ্দীনের অভিযোগের তীর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকেও। তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসাররা নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন। বাতিল করা ভোট গণনায় অন্তর্ভুক্ত করা এবং প্রকৃত ফলাফল উপেক্ষা করে তড়িঘড়ি করে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণার মাধ্যমে ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ ও ২০০৮ সালের নির্বাচন বিধিমালা লঙ্ঘন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

অভিযোগপত্রে ঢাকা-৮ আসনের ১১টি নির্দিষ্ট ভোটকেন্দ্রের নাম উল্লেখ করে সেখানে ঘটে যাওয়া অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী এই কেন্দ্রগুলোর ফলাফল পুনঃগণনা এবং আইনানুগভাবে বাতিল ঘোষিত ভোটগুলো পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন।

নির্বাচন কমিশনের প্রতি নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে এনসিপি প্রার্থী বলেন, "যতক্ষণ পর্যন্ত ঢাকা-৮ আসনের ভোট পুনঃগণনা সম্পন্ন না হচ্ছে, ততক্ষণ এই আসনের বিজয়ীর শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত রাখা হোক।" একই সঙ্গে তিনি মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তবে এই ফলাফল নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল ১১ দলীয় ঐক্য।