জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬, ১৩:১৪
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ (বুধবার) শহরের ভৈরব চত্বরে সিপিবি যশোর জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিপিবি যশোর জেলা কমিটির সদস্য গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে এবং মুহিবুল্লাহ মুহিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসান। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমিনুর রহমান হীরু, অ্যাডভোকেট আবুল হোসেন, রাশেদ খানসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, "১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানি সামরিক জান্তার পক্ষে অবস্থান নিয়েছিল এবং আমাদের স্বাধীনতার তীব্র বিরোধিতা করেছিল। সেই দেশের ২৫০তম স্বাধীনতা দিবস বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গণে উদযাপন করা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রক্তের প্রতি চরম অসম্মান এবং এটি আমাদের জাতীয় মর্যাদার পরিপন্থী।"
সমাবেশে বক্তারা স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে বলেন, জামায়াত মার্কিন যুক্তরাষ্ট্রকে 'পরীক্ষিত বন্ধু' হিসেবে আখ্যায়িত করেছে। মূলত তারা স্বাধীন বাংলাদেশের নয়, বরং পাকিস্তানের পরীক্ষিত বন্ধু। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে তারা সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে ভৈরব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিত্রা মোড়ে গিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন :