বাহারুল হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল, গুলি ও ওয়ান শুটারগান উদ্ধার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগান থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
বাহারুল হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ২টি অস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান নিশ্চিত করেন।
জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সকালে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে বাহারুল মল্লিকের (৪৩) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল মল্লিক বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের মিনারুলের ছেলে রমজান আলীকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, বাহারুল হত্যা মামলায় গ্রেপ্তার রমজান আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাত ১০টার দিকে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানে অভিযান চালানো হয়। এ সময় বাগানের পশ্চিম কোণে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি ৭.৬৫ বোরের ‘ইউপি’ লেখা পিস্তল, সাত সরাউন্ড পিস্তলের গুলি ও একটি দেশি তৈরী ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
সোমবার সকালে অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, ‘বাহারুল মল্লিক হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, সাত রাউন্ড পিস্তলের গুলি ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও গ্রেপ্তার আসামি রমজান আলীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’
আপনার মতামত লিখুন :