• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে ক্যাম্পাস প্রাঙ্গণে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এ প্লাস না পেলেই জীবন শেষ হয়ে যায় না। সমাজের চাপের কারণে সন্তানদের এ প্লাস পাওয়ার অসম প্রতিযোগিতায় ঠেলে দেওয়া উচিত নয়। সন্তানের যে বিষয়ে আগ্রহ, সে বিষয়ে তাকে উৎসাহ ও সহযোগিতা করলে তার জীবন সুন্দর হবে।’

তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ও সৎ মানুষ হতে হবে। শুধু উচ্চশিক্ষা অর্জন করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধও গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মধ্যে অন্যকে সহযোগিতা করার মানসিকতা, সততা এবং আদর্শ নাগরিক হওয়ার চেতনা তৈরি করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

উপ-উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের ফলাফল ও একাডেমিক সাফল্যের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। কে বেশি পড়াশোনা করবে, কে কম করবে—তা ভিন্ন হতে পারে; কিন্তু ভালো মানুষ হওয়ার কোনো বিকল্প নেই।

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফারুক হাসান, সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হায়দার আলী এবং যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবুল কালাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবুল কাশেম। 

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।