জুলাই সনদ ও গণভোটের রায় না মানলে ২৪-এর ৫ আগস্টের ভাগ্য বরণ করতে হবে: রাশেদ প্রধান
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৩
স্টাফ রিপোর্টার :
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় মেনে নেওয়ার দাবি জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করলে এবং গণভোটের রায় না মানলে সাত দফা দাবি এক দফায় রূপ নিতে পারে। প্রয়োজনে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।
তিনি বলেন, ভালোয় ভালোয় সংসদে সমস্যার সমাধান করুন। অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারকেও ২০২৪ সালের ৫ আগস্টের পরিণতি বরণ করতে হতে পারে।
শনিবার বিকেলে যশোর শহরের মুড়লি মোড় ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর- কুষ্টিয়া অভিমুখে লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, পাকিস্তান আমলে মুসলিম লীগ ক্ষমতাসীন দল ছিল। দলটির নেতারা মনে করতেন, তারা কখনো ক্ষমতা থেকে বিদায় নেবেন না। কিন্তু আজ মুসলিম লীগকে খুঁজে পাওয়া যায় না। স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানও ভেবেছিলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। কিন্তু ১৯৭৫ সালে তাদের পতন হয়েছে। একইভাবে এরশাদ ও খালেদা জিয়ার সরকারেরও ক্ষমতা ছাড়তে হয়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা সবার মনে আছে। সেদিন দুপুরের রান্না করা খাবারও খেতে পারেননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দেশ ছেড়ে ভারতে যেতে হয়েছিল। যারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জনগণের আকাঙ্ক্ষা ও শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে জুলাই সনদ বাস্তবায়ন করবে না, তাদের জন্য মজলুম জনতা প্রস্তুত রয়েছে।
আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে জাগপার এই নেতা বলেন, লংমার্চ শেষে ঢাকায় মহাসমাবেশের ডাক এলে সবাইকে সেখানে উপস্থিত থাকতে হবে। বিএনপি সরকারকে সংসদের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।
আপনার মতামত লিখুন :