রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন মির্জা ফখরুল
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২
নিজস্ব প্রতিবেদক :
রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সভায় তিনি তার এই ব্যক্তিগত সিদ্ধান্তের কথা জানান।
নির্বাচনী জনসভায় মির্জা ফখরুল বলেন, “এবারই আমার শেষ নির্বাচন। আমার অনেক বয়স হয়েছে, এখন রাজনীতি থেকে অবসর নিতে চাই। আমাদের দেশে রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনো প্রচলন নেই, আমি সেই শুরুটা করতে চাই। বর্তমানে আমার যে মনের অবস্থা, তাতে অবসর নেওয়াই ভালো বলে আমি মনে করি।”
অতীতের নির্যাতন ও আগামীর আশাবিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “গত দেড় দশকে আমরা চরম অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের মধ্যে ছিলাম। আমাদের অগণিত নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আল্লাহর শুকরিয়া যে, আমরা সেই সব মামলা থেকে খালাস পেয়েছি।” ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে আন্দোলনের ফসল হিসেবে উল্লেখ করে তিনি ভোটারদের নির্ভয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে নিজের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন:
- মেগা প্রকল্প: ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর সচল করা এবং মেডিকেল কলেজ স্থাপন করা হবে।
- কৃষি ও ফ্যামিলি কার্ড: তারেক রহমানের ঘোষণা অনুযায়ী সস্তায় নিত্যপণ্য কিনতে ‘ফ্যামিলি কার্ড’ এবং সার-বীজের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে।
- কর্মসংস্থান: বেকারত্ব দূর করতে যুবকদের জন্য কর্মসংস্থান এবং মা-বোনদের স্বাবলম্বী করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
- স্বাস্থ্য ও শিক্ষা: সুলভ মূল্যে ওষুধ নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, ঠাকুরগাঁও পৌরসভায় বিএনপি কখনো হারেনি। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবং তার শেষ নির্বাচনে তাকে জয়ী করে এলাকার উন্নয়নের সুযোগ দিতে তিনি জনগণের প্রতি অনুরোধ জানান।
আপনার মতামত লিখুন :