এবারের ঈদে টানা ১০ দিন ছুটির সুযোগ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০
স্টাফ রিপোর্টার :
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, নামমাত্র নৈমিত্তিক ছুটি যোগ করলেই এবারের ঈদে টানা ১০ দিন পর্যন্ত ছুটি কাটানো সম্ভব হতে পারে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে ঈদের ছুটি নির্ধারিত হয়েছে মোট ৫ দিন—যা আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত চলবে।
ঈদের ছুটির ঠিক আগেই রয়েছে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি। মাঝে ১৮ মার্চ (বুধবার) কোনো সরকারি ছুটি নেই। যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী ওই এক দিন (১৮ মার্চ) নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে তিনি ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
ঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের ছুটি। এরপর ২৭ ও ২৮ মার্চ (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে কেউ যদি ঈদের ছুটির পর ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার)—এই দুই দিন ছুটি ম্যানেজ করতে পারেন, তবে তিনি ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের একটি বিশাল অবকাশ যাপন করতে পারবেন।
আপনার মতামত লিখুন :