• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে হাম-রুবেলা টিকাদান জোরদার, ২৪ হাজারের বেশি শিশু টিকা পেয়েছ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬, ৬:৪৫
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
সারাদেশের ৩০টি হটস্পটের অন্যতম যশোর সদর উপজেলায় বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি জোরদারভাবে চলছে। শিশুদের সুরক্ষায়  স্বাস্থ্য বিভাগ এই কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, যশোরে নতুন করে হাম রোগে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলায় মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা ২৩৯ জন। এর মধ্যে ২৪ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত করা হয়েছে এবং ২১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত রোববার শুরু হওয়া এই বিশেষ টিকাদান কর্মসূচির পঞ্চম দিন চলছে। চতুর্থ দিনের বিকেল পর্যন্ত জেলায় মোট ২৪ হাজার ৬৪৯ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে যশোর পৌরসভা, সদর হাসপাতালসহ বিভিন্ন টিকাকেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কেন্দ্রগুলোতে ভিড় থাকলেও কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি; বরং সুশৃঙ্খলভাবে দ্রুত টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ৪৫টি কেন্দ্রে একযোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। পাশাপাশি পৌরসভা এলাকাতেও নির্ধারিত কেন্দ্রগুলোতে নিয়মিত টিকা প্রদান করা হচ্ছে। টিকা নিতে আসা অভিভাবকরা জানান, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই স্বল্প সময়ের মধ্যে শিশুদের টিকা দিতে পেরে তারা সন্তুষ্ট। তারা সরকারের উদ্যোগ ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার প্রশংসা করেন।

যশোরের সিভিল সার্জন বলেন, “হামের সংক্রমণ প্রতিরোধে এই বিশেষ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনা আমাদের লক্ষ্য।”
তিনি আরও জানান, আগামী ১৮ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে সকল অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই বিশেষ উদ্যোগের মাধ্যমে যশোরে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে।