• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পশ্চিম তীরে ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের নিন্দা: স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের অবিচল সমর্থন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৫, ১১:৫৬
ছবির ক্যাপশন:

আর্ন্তজাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে তথাকথিত ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের লক্ষ্যে ইসরায়েলি নেসেট কর্তৃক সম্প্রতি খসড়া আইন অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে যে, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা পরিষদের প্রস্তাব, বিশেষত প্রস্তাব ২৩৩৪-এর সুস্পষ্ট লঙ্ঘন করে ইসরায়েল পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের সম্প্রসারণের মাধ্যমে তার বেআইনি দখলদারিত্ব অব্যাহত রেখেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ২২ অক্টোবর ২০২৫-এর উপদেষ্টামূলক মতামতকে স্বাগত জানিয়েছে। এই মতামতে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতা, যার মধ্যে যুদ্ধের অস্ত্র হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞা রয়েছে, তা তুলে ধরা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এই অধিকারের মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার অধিকার।

বাংলাদেশ মনে করে, ইসরায়েলের এই ধরনের একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে।