ঝিকরগাছার আদম ব্যবসায়ী আনোয়ারের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন: নিরপেক্ষ তদন্তের দাবি
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫
নিজস্ব প্রতিবেদক:
ঝিকরগাছার তথাকথিত আদম ব্যবসায়ী আনোয়ার হোসেনের মিথ্যা বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত ওবায়দুর রহমান ও আব্দুল করিম। সোমবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তারা আনোয়ারের বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, জাল ভিসা প্রদান ও প্রতারণার গুরুতর অভিযোগ এনে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
ওবায়দুর রহমান জানান, ছেলে ও শ্যালককে সিঙ্গাপুর ও মালয়েশিয়া পাঠানোর কথা বলে আনোয়ার হোসেনকে তিনি ধাপে ধাপে ৪ লাখ টাকা দেন। তবে তার ছেলেকে দেওয়া সিঙ্গাপুরের ভিসাটি জাল ছিল। অন্যদিকে শ্যালক মিকাইল হোসেন মালয়েশিয়ায় নামার পর সেখানকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভিসা জাল শনাক্ত করে তাকে দেশে ফেরত পাঠায়।
পাওনা টাকা ফেরত না পেয়ে ২০০৭ সালের ১০ মে সেনা ক্যাম্প কমান্ডারে কাছে অভিযোগ করেন ওবায়দুর। পরে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদে তদন্ত ও শুনানির জন্য পাঠানো হলেও অভিযুক্ত আনোয়ার শুনানিতে অংশ নেননি।
অপর ভুক্তভোগী আব্দুল করিম অভিযোগ করেন, সিঙ্গাপুর যাওয়ার জন্য তিনি ২০০৪ ও ২০০৫ সালে বিভিন্ন ধাপে আনোয়ারকে মোট ৪ লাখ ৫৫ হাজার টাকা ও পাসপোর্ট দেন। দীর্ঘদিনেও টাকা ও পাসপোর্ট ফেরত না পেয়ে তিনি গত ২ জুন আদালতে প্রতারণার মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন।
আনোয়ার হোসেনের বিরুদ্ধে আরও একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়। এর মধ্যে যশোর সদরের তেঘরী গ্রামের ওহায়েদ আলীর ২০ লাখ টাকা, ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের মনিরা বেগমের ৩ লাখ ৮৫ হাজার টাকা, বাগআঁচড়ার কবীরের ১৭ লাখ টাকা এবং ঢাকার সুলতানার ১৭ লাখ ১৬ হাজার টাকা রয়েছে।
ভুক্তভোগীরা জানান, গত ১৬ সেপ্টেম্বর ঝিকরগাছার বারকপুর গ্রামের আনোয়ার হোসেন তাদের বিরুদ্ধে উল্টো চাঁদাবাজি ও প্রতারণার যে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা স্পষ্ট করেন যে, কারও সম্মানহানি করা তাদের উদ্দেশ্য নয়। আনোয়ার হোসেনের অসত্য দাবি এবং ভুক্তভোগীদের কাছে থাকা নথিপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে রিয়াদ ইসলাম বাপ্পি, মাহবুবুর রহমান সোহেল এবং আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :