যশোর সদরের এনায়েতপুরে জমজমাট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ অগাস্ট ২০২৬, ১৭:৩১
স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী জমজমাট ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে এই খেলার আয়োজন চলে।
যশোর জেলা ছাত্রদলের সদস্য রাকিব হাসানের উদ্যোগে আয়োজিত এই ফুটবল ম্যাচকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই খেলা উপভোগ করতে মাঠে বিভিন্ন বয়সী দর্শকের সমাগম ঘটে। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করে দর্শকেরা, যা পুরো মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
দিনব্যাপী খেলা শেষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী দলের হাতে আনুষ্ঠানিকভাবে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক।
পুরস্কার বিতরণী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু দাউদ হোসেন, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নান্নু হোসেন, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবনেতা মিথুন এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা হামিদ, রবি, জাকির, ফারুকসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
আপনার মতামত লিখুন :