ঢাকা দক্ষিণে সিটি নির্বাচনের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২
স্বপ্নভূমি ডেস্ক :
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিমাত করার পর এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে নগরবাসীর সেবার প্রত্যয় ব্যক্ত করে ইশরাক হোসেন লিখেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ।” তার এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন ইশরাক হোসেন। নির্বাচনের পর নতুন গঠিত মন্ত্রিসভায় তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই তিনি সিটি নির্বাচনে লড়ার এই ঘোষণা দিলেন।
ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন এর আগেও ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে অংশ নিয়েছিলেন। তখন নির্বাচিত হতে না পারলেও সংসদ নির্বাচনে তার বড় জয় এবং মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর নগর রাজনীতিতে তার অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :