• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণ সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭
ছবির ক্যাপশন: ad728

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
“জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় ১০ম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে এক সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের হলরুমে চৌগাছা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ‘দি বোয়িং কোম্পানি’র সিএনসি প্রোগ্রামার ও এমএস ইন প্রকৌশলী রমজান আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক অধ্যাপক আইয়ুব হোসেন, চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. বজলুর রশীদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. আলাউদ্দিন, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাস্টার ইমদাদুল হক এবং প্রেসক্লাব চৌগাছার ক্রীড়া সম্পাদক সাংবাদিক এম. এ. মান্নানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাস্টার কামাল আহমেদ।

আলোচনা পর্বে বক্তারা বলেন, "বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তোলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মুখস্থ বিদ্যায় সীমাবদ্ধ না থেকে গবেষণা, উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহী হতে হবে।"

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। এতে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে উপজেলার ১০ জন শিক্ষার্থী বিজয়ী হন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।