গরমে আরও উত্তাপ ছড়াবে বিদ্যুৎ বিল:বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ!
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬, ১০:৩১
স্বপ্নভূমি ডেস্ক :
ভোক্তা ও পাইকারি—উভয় পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক বা খুচরা পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। নতুন এই মূল্য চলতি মাসের ১ জুন থেকেই কার্যকর বলে গণ্য হবে।
বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনে অবস্থিত কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নতুন এই মূল্য তালিকা ঘোষণা করে বিইআরসি।
- পাইকারি পর্যায়: প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
- গ্রাহক/খুচরা পর্যায়: প্রতি ইউনিটের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে।
এর আগে, গত ২০ ও ২১ মে দুই দিনব্যাপী গণশুনানির আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিটে ৮৫ পয়সা থেকে শুরু করে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।:
- পিডিবি: প্রতি ইউনিট ৮৫ পয়সা বৃদ্ধির আবেদন।
- আরইবি: ১ টাকা ৭৭ পয়সা বৃদ্ধির আবেদন।
- ডিপিডিসি: ১ টাকা ৫৪ পয়সা বৃদ্ধির আবেদন।
- ডেসকো: ১ টাকা ৯৮ পয়সা বৃদ্ধির আবেদন।
- ওজোপাডিকো: ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধির আবেদন।
- নেসকো: সর্বোচ্চ ২ টাকা ৫ পয়সা বৃদ্ধির আবেদন।
বিতরণ কোম্পানিগুলোর এই দাবির বিপরীতে বিইআরসির কারিগরি কমিটি যাচাই-বাছাই শেষে গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কমিশন চূড়ান্তভাবে খুচরা পর্যায়ে ১ টাকা ৫২ পয়সা বৃদ্ধির ঘোষণা দেয়।
উল্লেখ্য, এর আগে সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাহী আদেশের মাধ্যমে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই বছর পর এবার বিইআরসির গণশুনানির মাধ্যমে নতুন করে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত এল।
আপনার মতামত লিখুন :