‘ক্ষমতা নয়, আল্লাহর সন্তুষ্টিই মূল লক্ষ্য’: যশোরে নূরুল ইসলাম সাদ্দাম
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৬
স্টাফ রিপোর্টার :
আজ শুক্রবার যশোর শহরের বিডি হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘বাছাইকৃত কর্মী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি এবং সাধারণ নেতাকর্মীদের ওপর হামলার জন্য ছাত্রদল ও বিএনপিকে অভিযুক্ত করেন।
ক্যাম্পাসে গ্রাফিতি অবমাননা ও হামলার অভিযোগ
কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, "গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে শিবিরের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এমনকি জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদিকে নিয়ে আঁকা গ্রাফিতি মুছে দিয়ে সেখানে আপত্তিকর শব্দ লেখা হয়েছে।" তিনি অভিযোগ করেন, প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে ফেরার পথে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় বাধা দিতে গেলে শিক্ষকরাও আহত হন। এছাড়া বিকেলে প্রতিবাদ মিছিলে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পুনরায় হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।
প্রশাসনের দলীয়করণের সমালোচনা
বক্তব্যে সাদ্দাম অভিযোগ করেন যে, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির দায় এড়াতে বিএনপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি আরও বলেন, "ক্ষমতা দখলের মানসিকতা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে।" উদ্ভূত পরিস্থিতিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ইসলামী আদর্শে সমাজ গড়ার আহ্বান
নূরুল ইসলাম সাদ্দাম উল্লেখ করেন যে, বর্তমান সমাজের বিশৃঙ্খলা ও অন্যায় দূর করার একমাত্র পথ হলো ইসলামী আদর্শ অনুসরণ করা। তিনি বলেন, "ক্ষমতার লিপ্সা নয়, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে একটি শোষণমুক্ত সমাজ গড়তে ছাত্রশিবির ও ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে।" এসময় তিনি সাধারণ মানুষকে সত্য ও ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ
যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু জাফরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যশোর ৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর, সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, শিবিরের সাবেক শহর সভাপতি এইচ এম শামীম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী মুকিত ।
আপনার মতামত লিখুন :