নিজস্ব প্রতিবেদক:
যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় শরিফুল ইসলাম জিতু (৩৫) নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহত জিতু বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ফুলতলা মোড়ে অবস্থান করছিলেন জিতু। এ সময় একদল অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে জিতুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় কোতোয়ালি থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে নেওয়ার পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে নড়াইল এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে পুনরায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক কাজী বাবুল জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই হামলার পেছনে কারা জড়িত এবং কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :