বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে গঠিত হচ্ছে কমিশন: স্বরাষ্ট্রমন্ত্রী
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০
স্বপ্নভূমি ডেস্ক :
পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুনরায় তদন্ত কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমরা পুনরায় কমিশন গঠন করব। সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে সেই কমিটির সুপারিশ অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এটি আমাদের নির্বাচনী ইশতেহারেও স্পষ্টভাবে উল্লেখ ছিল।" তিনি আরও জানান, এই নৃশংস ঘটনার নেপথ্যের কারণ ও দোষীদের শনাক্ত করাই সরকারের মূল লক্ষ্য।
পুলিশের চেইন অব কমান্ড ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, "আমাদের মেসেজ ক্লিয়ার—চেইন অব কমান্ড বজায় রাখতে হবে। বিগত নির্বাচনের আগে লটারির মাধ্যমে বিতর্কিতভাবে ওসি ও এসপি নিয়োগ দেওয়া হয়েছে। যার ফলে অযোগ্য ব্যক্তিরা গুরুত্বপূর্ণ জেলা ও থানার দায়িত্ব পেয়েছেন। এই লটারি প্রক্রিয়া মোটেও স্বচ্ছ ছিল না।" সার্ভিস রেকর্ড দেখে যোগ্যদের সঠিক স্থানে পদায়নের কাজ শুরু হবে বলে তিনি ইঙ্গিত দেন।
৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের হওয়া বিভিন্ন মামলায় সাধারণ মানুষকে জড়িয়ে সুবিধাবাদী মহলের ফায়দা লোটার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, "অনেক সুবিধাবাদী গ্রুপ সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে মামলায় জড়িয়েছে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এগুলো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করা হবে।"
পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপ সহ্য করা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, "পুলিশের কাজে কেউ বাধা দিতে পারবে না, তবে তাদের জবাবদিহিতাও নিশ্চিত করা হবে। রাজনৈতিক কারণে বিধির বাইরে গিয়ে কোনো পুলিশ সুপার (এসপি) যেন কাউকে অতিরিক্ত প্রোটোকল না দেয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।"
সার্বিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে একটি জনবান্ধব ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আপনার মতামত লিখুন :