অভয়নগরে ককটেলসহ সন্ত্রাসী সুলতান আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬, ০৮:০২
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ১২ পিস ককটেলসহ সুলতান গাজী (৩৬) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (৯ মার্চ) রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র্যাব-৬) তাকে আটক করে।
আটক সুলতান গাজী নাউলী গ্রামের গফ্ফার গাজীর ছেলে। সে নিষিদ্ধ চরমপন্থী দলের নেতা গোফরানের অন্যতম সহযোগি বলে দাবি করেছে এলাকাবাসী।
র্যাব-৬ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৭ টার দিকে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে অভিযান চালিয়ে সুলতান গাজী নামে এক যুবককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক প্রতিবেশী এক চাচার বাড়ির পরিত্যক্ত ভবন থেকে লাল টেপে মোড়ানো ১২ পিস ককটেল উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এটিএম ফজলে রাব্বী।
জানা গেছে, নিষিদ্ধ চরমপন্থী দলের নেতা নাউলী গ্রামের গোফরানের একটি নিজেস্ব বাহিনী রয়েছে। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সেই বাহিনীর অন্যতম সদস্য সুলতান গাজী। তাকে আটক করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাই শুধু সন্ত্রাসী সুলতান গাজী নয় চরমপন্থী দলের নেতা গোফরানসহ তার বাহিনীর সকল সদস্যকে দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান সাংবাদিকদের জানান, ‘শুনেছি র্যাব-৬ এর অভিযানে নাউলী গ্রাম থেকে ১২ পিস ককটেলসহ সুলতান গাজী নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আসামি ও উদ্ধারকৃত ককটেল মধ্যরাত পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি।’
আপনার মতামত লিখুন :