• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

‘নির্বাচন ঘিরে কোনো ভীতি নেই, শান্তিপূর্ণ ভোট হবে’: স্বরাষ্ট্র উপদেষ্টা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :  
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কোনো ভীতি কাজ করছে না এবং নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দেশে মব ভায়োলেন্স বা গণপিটুনির মতো পরিস্থিতির কোনো অস্তিত্ব নেই বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “মব ভায়োলেন্স বলে এখন কোনো কিছু নেই। পুলিশের মধ্যে কোনো প্রকার ভীতি কাজ করছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক।”


নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের আচরণের বিষয়ে উপদেষ্টা বলেন, “কোনো প্রার্থী যদি অশোভন আচরণ করেন এবং তা সমাজে প্রকাশ পায়, তবে তিনি এমনিতেই জনবিচ্ছিন্ন বা কোণঠাসা হয়ে যাবেন। এছাড়া বেশি কিছু (আইন লঙ্ঘন) করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে নিয়মিতভাবে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চালানো হচ্ছে।

বিভাগীয় এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।