যশোরে মহিলালীগ নেত্রী আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ অগাস্ট ২০২৬, ৬:২৬
স্টাফ রিপোর্টার :
যশোরে মহিলা আওয়ামী লীগের নেত্রী বিলকিস সুলতানা সাথীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার নিজ বাসস্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে গোপণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির পর সেসব ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আইনশৃঙ্খলা বাহিনীর নজরকাড়ে। ছড়িয়ে পড়া ছবি ও ফুটেজে নেত্রী বিলকিস সুলতানা সাথীর সক্রিয় উপস্থিতি দেখতে পায় পুলিশ।
গ্রেপ্তারের পর ডিবি ও থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাথী নাশকতামূলক নানা কর্মকাণ্ড ও দলীয় ঝটিকা কর্মসূচিতে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
মামলার বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর) কাজী বাবুল জানান, “আটক বিলকিস সুলতানা সাথীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (১৯ আগস্ট) আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হচ্ছে।”
আপনার মতামত লিখুন :