কেশবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬, ১১:০২
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। চোরাই মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়ার সময় শুক্রবার উপজেলার চিংড়া গ্রামে পুলিশের উপর ওই হামলা হয়। শুক্রবার রাতে উপজেলার চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ বিরুদ্ধে মামলাটি করেছেন। এ খবর লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ভোরে উপজেলার হাসানপুর গ্রামের আশরাফুজ্জামান রুমির একটি মোটরসাইকেল বাড়ি থেকে চুরি হয়ে যায়। খবর পেয়ে কেশবপুরের চিংড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা শুক্রবার সকালে উপজেলার চিংড়া গ্রামের আব্দুর রশিদের (৪০) বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনার সময় একদল যুবক মোটরসাইকেলটি তাদের হেফাজতে নেওয়ার চেষ্টা করে। এ সময় চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম তাদেরকে আইনি প্রক্রিয়ায় মোটরসাইকেলটি নেওয়ার জন্য বললে বাকবিতন্ডা শুরু হয়। এ সময় যুবকরা পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের উপর চড়াও হয়ে তাকে মারপিট করে। ঘটনা জানার পর পরই কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের উপর হামলার ঘটনায় চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :