মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝেই সৌদিতে হজের আনুষ্ঠানিকতা শুরু
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬, ১০:৪৪
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান তীব্র ভূ-রাজনৈতিক অস্থিরতার মাঝেই সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের মূল আচার-আনুষ্ঠানিকতা। আজ সোমবার (২৫ মে/৮ জিলহজ) থেকে লাখো মুসলিমের লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মক্কা ও মিনা প্রাঙ্গণ।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার রাত থেকেই হজযাত্রীরা মক্কা থেকে তাঁবুর শহর মিনার উদ্দেশে রওনা হতে শুরু করেছেন। মিনা অভিমুখে যাত্রার আগে হজযাত্রীরা পবিত্র কাবা শরিফ ৭ বার তাওয়াফ (প্রদক্ষিণ) সম্পন্ন করেন। বাসে কিংবা পায়ে হেঁটে আল্লাহর নৈকট্য লাভের আশায় হাজিরা মিনায় সমবেত হচ্ছেন।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ লাখের বেশি মানুষ সৌদিতে এসে জড়ো হয়েছেন। এর সঙ্গে যুক্ত হয়েছেন সৌদি আরবের স্থানীয় আরও কয়েক লাখ বাসিন্দা। ইসলাম ধর্মের প্রধান ৫টি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হলো হজ। প্রত্যেক আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান মুসলিম নর-নারীর জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ।
মোট ৬ দিনব্যাপী হজের এই আচার-আনুষ্ঠানিকতা ঈদুল আজহার ৩ দিন আগে শুরু হয়ে ঈদের ২ দিন পর শেষ হয়। সেই হিসেবে আগামী ২৭ মে সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে এবং ২৯ মে শেষ হবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা।
এদিকে চলমান আঞ্চলিক পরিস্থিতির কথা মাথায় রেখে এবং হাজিদের নিরাপত্তা ও সুবিধার্থে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিলে একটি সমন্বিত ও আধুনিক ব্যবস্থা চালু করেছে। ২০২৬ সালের হজ মৌসুমের বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী এবার হাজিদের আবাসন, আতিথেয়তা কেন্দ্র এবং তাঁবুগুলোতে যাতায়াত নির্বিঘ্ন করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মিনায় হাজিদের থাকা, খাওয়া ও পরিবহন সেবার প্রস্তুতি শতভাগ সম্পন্ন। যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি বা সমস্যা দ্রুত সমাধানে মাঠপর্যায়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। এছাড়া জিলকদ মাসের শুরু থেকে এ পর্যন্ত হাজিদের আবাসন ও তাঁবুগুলোতে ৮৩ হাজারেরও বেশিবার পরিদর্শন ও মাঠপর্যায়ের সফর সম্পন্ন করেছেন পরিদর্শকরা।
সূত্র: সৌদি গেজেট।
আপনার মতামত লিখুন :