• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে উদ্ধারকৃত মোবাইল ও প্রতারণার টাকা হস্তান্তর


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬, ১৪:০৫
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর জেলা পুলিশ–এর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি’র উদ্যোগে উদ্ধারকৃত মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলরুমে এ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা। তিনি উদ্ধার হওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন।

এসময় পুলিশ সুপার মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে আরও সতর্ক থাকার আহ্বান জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, এপ্রিল ২০২৬ মাসে যশোর জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরিভুক্ত ৬০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা বিকাশ ও নগদ টাকার মধ্যে ১২ জন ভুক্তভোগীর সর্বমোট ১ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

একই সময়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি ৮টি ইমো আইডি পুনরুদ্ধার এবং ২২টি হোয়াটসঅ্যাপ আইডি রিকভারি করেছে। এছাড়া বিভিন্ন থানার নিখোঁজ ব্যক্তি ও ভিকটিম উদ্ধারে সহায়তা করে ৮ জনকে উদ্ধার করা হয়েছে। ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেফতারেও সহায়তা করেছে ইউনিটটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ মিরাজুল ইসলামসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোরের সদস্যরা।