নানা বাড়ি থেকে ফেরার পথে প্রাইভেটকার গাছের সাথে ধাক্কা, এক পরিবারের ৩ জন নিহত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬, ০৫:০৩
মনিরামপুর প্রতিনিধি :
চুয়াডাঙ্গা আত্মীয়র বাড়ি বেড়াতে যেয়ে ফেরার পথে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কায় যশোরের মনিরামপুরের এক পরিবারের তিন জন নিহত হয়েছেন। এসময় গুরুত্ব আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা ওই পরিবারের তিনজন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত তিনজন হলেন, মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা মনিরামপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) ও জনির চার বছরের মেয়ে শেহেরিশ।
আহতরা হলেন, জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আল মাস (১০)।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, প্রাইভেটকারটি যশোরের দিকে আসছিল। চালক জনি ঘুমিয়ে ঘুমিয়ে কার চালাচ্ছিলেন। কারটি রাত আড়াইটার দিকে গাইদঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে বটগাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে কারটিতে থাকা চালক জনি ও তার বাবা আব্দুল মজিদ মারা গেছেন।
ওসি বলেন, কারটির ভিতরে থাকা চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জনির আইটি ফার্মের এক্সপার্ট রিয়াদ হোসেন বলেন, জনি ভাই গতকাল সোমবার পরিবারের সবাইকে নিয়ে প্রাইভেটকারে চড়ে চুয়াডাঙ্গা নানা বাড়ি বেড়াতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফেরার পথে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে জনি ভাই, তার বাবা ও ছোট্ট মেয়েটি মারা গেছে। এসময় আহত হয়েছেন জনি ভাইয়ের মা, স্ত্রী ও ছেলে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রিয়াদ হোসেন বলেন, রাতে সব আইনী প্রক্রিয়া শেষ করে আমরা নিহত তিন জনের লাশ নিয়ে মনিরামপুরে বাড়ির উদ্দেশে রওয়ানা করেছি।
ছবি : নিহত জনির পরিবার। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর জনি নিজের ফেসবুকে ছবিটি আপলোড করেছিলেন।
আপনার মতামত লিখুন :