এবার রাস্তা ঘেষে ঘের কাটায় মনিরামপুরে দুই ব্যক্তির কারাদণ্ড
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০
মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
মনিরামপুরের মশ্মিমনগর ইউনিয়নে এবার রাস্তা ঘেষে মাছের ঘের তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে ১৫ দিনের করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন তাদের এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কাঁঠালতলা বাজার এলাকার আতিয়ার রহমানের ছেলে কারিমুল ইসলাম (৩৩) ও একই এলাকার মাওলা বক্সের ছেলে লাল্টু বিশ্বাস (৪৫)।
এরআগে কপোতাক্ষ নদের পাশে মাছের ঘের তৈরি করে খোর্দ্দঘাট সেতুর ক্ষতি করায় রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মোহাম্মদ শুভ নামে এক ব্যক্তিকে এক মাসের দণ্ডাদেশ দিয়েছেন এসিল্যাণ্ড মাহির দায়ানের ভ্রাম্যমাণ আদালত।
এসিল্যাণ্ড মাহির দায়ান সোমবার দুজনের কারাদণ্ড দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে অভিযান পরিচালনার সময় দেখা যায় মশ্মিমনগর ইউনিয়নের কাঁঠালতলা ও পারখাজুরা বাজারের সংযোগ পাকা সড়কের একই স্থানে রাস্তার দুইপাশে অবৈধভাবে ঘের নির্মাণ করছেন কারিমুল ও লাল্টু। তারা ঘের খননের মাধ্যমে জনসাধারণের ব্যবহৃত রাস্তার নিচ থেকে মাটি অপসারণ করে রাস্তাকে ঝুঁকির মুখে ফেলছে। যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারার সুস্পষ্ট লঙ্ঘণ।
এসিল্যাণ্ড মাহির দায়ান আরও বলেন, এছাড়া আদালত পরিচালনাকালে অভিযুক্ত কারিমুল ও লাল্টু নিজেদের দোষ স্বীকার করে নিয়েছে। সে কারণে তাদের দুই জনকে
পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :