যশোরে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় এসআইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যুর অভিযোগ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬, ১১:১০
স্টাফ রিপোর্টার :
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। নিহত নারী পুলিশের এক এসআইয়ের স্ত্রী বলে জানা গেছে।
মঙ্গলবার বেলা ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রওশন আরা (৩৫) যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা ও পুলিশের এসআই আশরাফুল আলমের স্ত্রী। আশরাফুল জেলা ফরিদপুর সিআইডি ব্রাঞ্চে কর্মরত রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে হঠাৎ মাথা ঘুরে চেয়ার থেকে পড়ে অসুস্থ হয়ে পড়েন রওশন আরা। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।
অভিযোগ রয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার পর কর্তব্যরত চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে তার অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে বিকেল ৩টার দিকে লেবার ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের স্বজনরা দাবি করেন, সময়মতো সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় তদারকি পেলে রওশন আরাকে বাঁচানো সম্ভব হতো। চিকিৎসকদের গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করেন।
এদিকে, ঘটনার পর স্বজনরা নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন বলে জানা গেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :