কেশবপুরে বাস চাপায় বীর মুক্তিযোদ্ধা নিহত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬, ১৩:৩১
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (৭০) মারা গেছেন। রোববার দুপুরে কেশবপুর পৌর শহরের মাইকেল গেট এলাকায় বাস ও মোটসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাত্রপাড়া গ্রামের মৃত মকছেদ আলী মোড়লের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী কেশবপুর উপজেলার পাত্রপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে শহরের মাইকেল মোড়ে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় পথচারীরা দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. শিবলী খাতুন তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি আটক করেছে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার দাস বলেন, সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিহত হয়েছেন। বাসটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপারকে সনাক্তসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :