• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

৩১ অক্টোবরের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অভিমুখে লং মার্চ: রাজধানীতে জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫
ছবির ক্যাপশন:

আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লং মার্চ উপলক্ষে জামায়াতে ইসলামীর এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। লং মার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে এতে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে জানানো হয়, ৩১ অক্টোবরের লং মার্চ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সকাল ৭টায় উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ১১টি দলের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

উদ্বোধনী সমাবেশ শেষে সকাল ৮টায় প্রায় ১ হাজার যানবাহনের বিশাল বহর নিয়ে লং মার্চ শুরু হবে। মাওয়া সড়ক ও পদ্মা সেতু পার হয়ে এটি শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ, বাগেরহাটের ফকিরহাট এবং খুলনার রূপসা ব্রিজ হয়ে যশোর ও ঝিনাইদহ অতিক্রম করে কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে। এ যাত্রায় মিডিয়া কর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।

পথসভার সময়সূচি:
  • লং মার্চের যাত্রাপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে একাধিক পথসভা অনুষ্ঠিত হবে—
  • সকাল ৯:০০ টা: শরীয়তপুরের জাজিরার নাওডোবা।
  • বেলা ১১:০০ টা: বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালী মোড়।
  • দুপুর ১২:৩০ টা: খুলনা মহানগরীর বাবরী চত্বর।
  • দুপুর ২:০০ টা: ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর।
  • বিকেল ৩:৩০ টা: যশোরের মুড়লীর মোড়।
  • বিকেল ৫:০০ টা: ঝিনাইদহ বাস টার্মিনাল।
  • রাত ৮:৩০ টা: কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী জনসমাবেশ।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়াও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি-সহ শৃঙ্খলা, প্রচার, আইটি ও সাংস্কৃতিক বিভাগের শীর্ষ দায়িত্বশীলরা সভায় উপস্থিত ছিলেন।